এনবিআরের অভিযানে স্বর্ণ-মদ, ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ
যোগফল প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ, বিদেশি মদ, সিগারেট, ই-সিগারেট, নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, মুঠোফোন, ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, অভিযানে ৫৮৯ লিটার বিদেশি মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মুঠোফোন এবং ৩১৫ কেজি ওষুধ জব্দ করা হয়েছে। এ ছাড়া স্বর্ণবার, স্বর্ণালংকার ও বাণিজ্যিক বিভিন্ন পণ্যও জব্দ করা হয়।
অন্যদিকে, যাত্রীদের ব্যাগেজ সুবিধার আওতার বাইরে থাকা বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, অবৈধ পণ্য আমদানি নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সরকারের রাজস্ব ফাঁকি প্রতিরোধে এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিমানবন্দর দিয়ে চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন